ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

লা লিগায় দুর্দান্ত সূচনা : উড়ছে রিয়াল, ছুটছেন এমবাপে

২০২৫ সেপ্টেম্বর ২৪ ১২:২১:১২

লা লিগায় দুর্দান্ত সূচনা : উড়ছে রিয়াল, ছুটছেন এমবাপে

জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ যেন থামতেই জানে না। নতুন মৌসুমে (২০২৫-২৬) লা লিগায় ছয় ম্যাচের সবগুলোতেই জয়ের মুখ দেখল স্প্যানিশ জায়ান্টরা। সর্বশেষ লেভান্তের মাঠে ৪-১ গোলের দুর্দান্ত জয়ে মূল নায়ক কিলিয়ান এমবাপে। জোড়া গোল করে তিনি যেন আবারও প্রমাণ করলেন, রিয়ালের জয়ের সমার্থক শব্দ এখন তার নামই।

রিয়ালের বাকি দুই গোল এসেছে ভিনিসিয়াস জুনিয়র ও নতুন তারকা মাস্তানতুয়োনোর পা থেকে। বিশেষ করে ভিনিসিয়াসের গোলে লিড নেওয়ার পর মাস্তানতুয়োনোর দুর্দান্ত ফিনিশিং ম্যাচে আনে নতুন মাত্রা।

৬৩ শতাংশ বল দখলে রেখে পুরো ম্যাচে রিয়ালের শট সংখ্যা ছিল ২৪, যার মধ্যে ১০টি ছিল টার্গেটে। বিপরীতে লা লিগায় নবাগত লেভান্তে শট নেয় ১১টি, কিন্তু গোলমুখে মাত্র দুটি।

প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল—ভিনিসিয়াস ও মাস্তানতুয়োনোর সৌজন্যে। দ্বিতীয়ার্ধের শুরুতে লেভান্তে একটি গোল শোধ করলেও এরপরই শুরু হয় এমবাপ্পে-শো। প্রথমে পেনাল্টি থেকে দারুণ এক পানেনকা শটে গোল, এরপর আর্দা গুলারের থ্রু বল থেকে গোলকিপারকে কাটিয়ে ফাঁকা জালে পাঠানো বল—সব মিলিয়ে লা লিগায় তার সপ্তম ও মৌসুমের নবম গোল।

শেষ দিকে বেলিংহাম ও ভিনিসিয়াস আরও সুযোগ তৈরি করলেও ব্যবধান আর বাড়েনি। ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অটল রিয়াল, আর এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।

এবার রিয়ালের সামনে বড় পরীক্ষা—আগামী শনিবার মেট্রোপলিতানোতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ