ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

কোয়ার্টার ফাইনালের আগে চরম বিপদে ইংল্যান্ড

২০২৬ জুলাই ১০ ২৩:৪৬:৩৪

কোয়ার্টার ফাইনালের আগে চরম বিপদে ইংল্যান্ড

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কার মুখে পড়েছে ইংল্যান্ড। দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার মার্ক গিয়েহির খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে তিনি নিয়মিত অনুশীলন করতে পারেননি, ফলে শেষ মুহূর্ত পর্যন্ত তার ফিটনেস পর্যবেক্ষণ করবেন দলের মেডিক্যাল স্টাফ।

বিশ্বকাপজুড়ে ইংল্যান্ডের রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা গিয়েহি শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে পুরো সময় খেলেছিলেন। তবে ম্যাচের পর থেকেই হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করছেন তিনি। এ কারণে সাম্প্রতিক অনুশীলনে অংশ নিতে পারেননি এই ডিফেন্ডার। যদিও প্রাথমিকভাবে চোট গুরুতর নয় বলে ধারণা করা হচ্ছে, তবুও কোয়ার্টার ফাইনালের আগে তার মাঠে নামা এখনও নিশ্চিত নয়।

যদি গিয়েহি শেষ পর্যন্ত খেলতে না পারেন, তাহলে তার জায়গায় একাদশে দেখা যেতে পারে অভিজ্ঞ ডিফেন্ডার ড্যান বার্নকে। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে বদলি হিসেবে নেমে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। অল্প সময় মাঠে থেকেও একাধিক গুরুত্বপূর্ণ ক্লিয়ারেন্স করে দলের রক্ষণভাগকে স্থিতিশীল রাখেন। তার শক্তিশালী শারীরিক উপস্থিতি নরওয়ের স্ট্রাইকার আর্লিং হলান্ডকে সামলাতে কার্যকর হতে পারে বলে মনে করছেন কোচ টমাস টুখেল।

ইংল্যান্ডের উদ্বেগ শুধু রক্ষণভাগেই সীমাবদ্ধ নয়। মিডফিল্ডের প্রাণভোমরা ডেক্লান রাইসের ফিটনেস নিয়েও রয়েছে অনিশ্চয়তা। মেক্সিকোর বিপক্ষে ম্যাচের পর তিনি পেটের সমস্যায় আক্রান্ত হয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে দলের অন্য খেলোয়াড়দের থেকে কিছুটা আলাদা রাখা হয়েছে। এছাড়া বিশ্বকাপ চলাকালীন সময়জুড়েই পিঠের ব্যথা ও হ্যামস্ট্রিংয়ের অস্বস্তি নিয়ে খেলছেন আর্সেনালের এই মিডফিল্ডার।

তবে সব উদ্বেগের মাঝেও ইংল্যান্ড শিবিরে এসেছে একটি স্বস্তির খবর। দীর্ঘদিনের চোট কাটিয়ে রাইট-ব্যাক রিস জেমস পুরোপুরি অনুশীলনে ফিরেছেন। নরওয়ের বিপক্ষে ম্যাচে তার শুরুর একাদশে থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে ম্যাচের পর ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তিনি।

জেমসের প্রত্যাবর্তন ইংল্যান্ডের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ রাইট-ব্যাক জারেল কুয়ানসা লাল কার্ডের কারণে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন। ফলে সেই পজিশনে অভিজ্ঞ জেমসের ফেরা টুখেলের পরিকল্পনাকে অনেকটাই স্বস্তি দেবে।

বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। বিশেষ করে আর্লিং হলান্ডকে থামাতে শক্তিশালী ও সংগঠিত রক্ষণভাগের প্রয়োজন হবে। তাই গিয়েহি ও রাইসের শারীরিক অবস্থা ম্যাচের আগে ইংল্যান্ডের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত