ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপে ইতিহাস গড়ার পুরস্কার পেলো মিশর

২০২৬ জুলাই ১০ ০০:২৭:১০

বিশ্বকাপে ইতিহাস গড়ার পুরস্কার পেলো মিশর

২০২৬ ফিফা বিশ্বকাপে ঐতিহাসিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মিশরের প্রধান কোচ হোসাম হাসানের সঙ্গে নতুন চুক্তি করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। আনুষ্ঠানিকভাবে চুক্তির মেয়াদ ঘোষণা না করা হলেও দেশটির একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, হোসাম হাসান এবং তার যমজ ভাই ও দলের সহকারী পরিচালক ইবরাহিম হাসানকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইএফএর সভাপতি হানি আবু রিদা জানিয়েছেন, পরিচালনা পর্ষদের সর্বসম্মত সিদ্ধান্তে দুই কর্মকর্তার চুক্তির মেয়াদ বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্বকাপে দলের নজরকাড়া সাফল্য এবং সামগ্রিক উন্নতির ধারাবাহিকতাই এই সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বড় কারণ বলে মনে করা হচ্ছে।

হোসাম হাসানের নেতৃত্বে এবারের বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে মিশর। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নেয় আফ্রিকার দেশটি। এরপর বেলজিয়াম ও ইরানের বিপক্ষে মূল্যবান ড্র করে গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে।

শেষ বত্রিশের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত সময় ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় মিশর। এই জয়ের মাধ্যমে ৯২ বছর পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে জয় তুলে নেওয়ার কৃতিত্ব অর্জন করে দলটি। এর আগে ১৯৩৪ সালের বিশ্বকাপেই সর্বশেষ শেষ ষোলোতে খেলেছিল মিশর।

তবে শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয়ভাবে বিদায় নিতে হয় ফারাওদের। ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে যায় তারা। সেই ম্যাচে একাধিক বিতর্কিত রেফারিং সিদ্ধান্ত নিয়েও ব্যাপক আলোচনা হয়। ম্যাচ শেষে কোচ হোসাম হাসান প্রকাশ্যে রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং বিষয়টি নিয়ে ফুটবল বিশ্বে দীর্ঘ বিতর্কের সৃষ্টি হয়।

রেফারিং বিতর্ক চলমান থাকলেও মিশর ফুটবল অ্যাসোসিয়েশন কোচের প্রতি পূর্ণ আস্থা রেখেছে। নতুন চুক্তির মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছে, দলের সাম্প্রতিক অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে হোসাম হাসানই তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কেন্দ্রবিন্দু।

এখন মিশরের লক্ষ্য আগামী আফ্রিকা কাপ অব নেশনস এবং ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে আরও শক্তিশালী দল গড়ে তোলা। বিশ্বকাপে ইতিহাস গড়ার পর নতুন চুক্তি সেই পথচলাকে আরও দৃঢ় করল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত