ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপ নিয়ে বিপদে পড়লো ফিফা

২০২৬ জুলাই ০৮ ১৭:৫৭:৩৩

বিশ্বকাপ নিয়ে বিপদে পড়লো ফিফা

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে আগামীকাল। তবে শেষ ষোলোর পরই টিকিট বাজারে বড় পরিবর্তন দেখা গেছে। আয়োজক যুক্তরাষ্ট্র এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল বিদায় নেওয়ায় কোয়ার্টার ফাইনালের টিকিটের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমেছে। এর ফলে এক ধাক্কায় টিকিটের দামও নেমে এসেছে।

টিকিট বিক্রির তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান TickPick-এর তথ্য অনুযায়ী, স্পেন ও বেলজিয়ামের কোয়ার্টার ফাইনাল ম্যাচের সর্বনিম্ন টিকিট মূল্য ২ হাজার ৯৫০ মার্কিন ডলার থেকে কমে প্রায় ১ হাজার ২০০ ডলারে নেমে এসেছে।

বিশ্লেষকদের মতে, শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে যুক্তরাষ্ট্র বিদায় নেওয়ায় স্থানীয় দর্শকদের আগ্রহ কমে গেছে। আয়োজক দল কোয়ার্টার ফাইনালে থাকলে স্টেডিয়ামে দর্শক উপস্থিতি এবং টিকিটের চাহিদা অনেক বেশি থাকত।

টিকিটের বাজারে আরেকটি বড় প্রভাব ফেলেছে পর্তুগালের বিদায়। ক্রিশ্চিয়ানো রোনালদোর দল শেষ আটে উঠতে না পারায় বিশ্বজুড়ে সমর্থকদের আগ্রহেও কিছুটা ভাটা পড়েছে। যুক্তরাষ্ট্র ও পর্তুগাল কোয়ার্টার ফাইনালে থাকলে টিকিটের দাম আরও কয়েক গুণ বেড়ে যেতে পারত বলে ধারণা করা হচ্ছে।

চারটি কোয়ার্টার ফাইনালের মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে ফ্রান্স ও মরক্কোর ম্যাচের টিকিট। এই ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য প্রায় ৯৮৯ মার্কিন ডলার।

এদিকে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স–মরক্কো, স্পেন–বেলজিয়াম, ইংল্যান্ড–নরওয়ে এবং আর্জেন্টিনা–সুইজারল্যান্ড। বিশেষ করে হ্যারি কেইন ও আর্লিং হালান্ডের লড়াই এবং লিওনেল মেসির আর্জেন্টিনার ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ সবচেয়ে বেশি।

কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফক্সবরোর জিলেট স্টেডিয়াম, ইনগলউডের সোফাই স্টেডিয়াম, মায়ামির হার্ড রক স্টেডিয়াম এবং ক্যানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ