ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই সুখবর পেলো আর্জেন্টিনা

২০২৬ জুলাই ০৮ ১৭:৩৫:৪৫

সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই সুখবর পেলো আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় জয় দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে তিন গোল করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় লিওনেল স্কালোনির দল। সেই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর এবার তাদের সামনে অপেক্ষা করছে সুইজারল্যান্ড।

অন্যদিকে, দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়ার সঙ্গে নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে শেষ আটের টিকিট কাটে তারা।

তবে ইতিহাসের পরিসংখ্যান সুইজারল্যান্ডের জন্য মোটেও স্বস্তিদায়ক নয়। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত সাতবার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে পাঁচটি ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা, আর দুটি ম্যাচ ড্র হয়েছে। সুইজারল্যান্ড এখনো আলবিসেলেস্তেদের বিপক্ষে জয়ের দেখা পায়নি।

দুই দলের প্রথম দেখা হয়েছিল ১৯৬৬ সালের বিশ্বকাপে। সেই ম্যাচে ২-০ গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা। এরপর ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচেও অতিরিক্ত সময়ে ১-০ ব্যবধানে জয় পেয়েছিল দক্ষিণ আমেরিকার দলটি।

বিশ্বকাপের বাইরে প্রীতি ম্যাচেও আর্জেন্টিনার আধিপত্য ছিল স্পষ্ট। ১৯৮০ সালে তারা সুইজারল্যান্ডকে ৫-০ গোলে উড়িয়ে দেয়। এছাড়া ১৯৮৪ সালে ২-০ এবং ২০১২ সালে ৩-১ ব্যবধানে জয় পায় আকাশি-সাদারা। অন্যদিকে, ১৯৯০ ও ২০০৭ সালের দুটি প্রীতি ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল।

সব মিলিয়ে সাত ম্যাচে আর্জেন্টিনা করেছে ১৫ গোল, আর সুইজারল্যান্ডের গোল মাত্র ৪টি। তাই অতীতের রেকর্ড নিঃসন্দেহে লিওনেল মেসিদের পক্ষেই কথা বলছে।

তবে চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার নকআউট যাত্রা মোটেও সহজ হয়নি। শেষ দুটি ম্যাচেই পিছিয়ে পড়ে শেষ দিকে ফিরে এসে জয় নিশ্চিত করতে হয়েছে। ফলে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষেও শুরু থেকেই সতর্ক থাকতে হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। অন্যদিকে, ইতিহাস বদলে প্রথমবারের মতো আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনালে ওঠার স্বপ্ন নিয়েই মাঠে নামবে সুইসরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ