ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

২০২৬ জুলাই ০৫ ২০:০৩:৫৪

শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত নিয়ন্ত্রণে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে বিমানবন্দর থানা পুলিশ। অভিযানে মোট ৮২ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শনিবার ভোরে বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলস্টেশন এলাকা, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ এবং ভিআইপি রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৫৮ জন মাদকাসক্ত ও পথশিশুসহ বিভিন্ন অপরাধে জড়িত আরও ২৪ জনকে আটক করা হয়েছে। মোট আটক ব্যক্তির সংখ্যা ৮২।

বিমানবন্দর থানা সূত্র জানায়, বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের অবস্থান নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আটক শিশুদের ক্ষেত্রে শিশু আইন, ২০১৩ অনুযায়ী শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তার মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত