ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

আইভরি কোস্টের বিপক্ষে জার্মানির সামনে বড় সুযোগ

২০২৬ জুন ২০ ১৯:৪৬:৪০

আইভরি কোস্টের বিপক্ষে জার্মানির সামনে বড় সুযোগ

টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশা এখনো তাড়া করে বেড়ায় জার্মানিকে। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের ব্যর্থতার পর ২০২৬ আসরে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর সেই মিশনে আজ আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচটি হতে পারে তাদের জন্য টার্নিং পয়েন্ট।

গ্রুপ ‘ই’-এর দ্বিতীয় ম্যাচে জয় পেলেই শেষ ৩২ বা নকআউট পর্বের টিকিট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে জুলিয়ান নাগেলসম্যানের দলের। প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে জার্মানি। অন্যদিকে নাটকীয় এক জয়ে ইকুয়েডরকে হারিয়ে সমান তিন পয়েন্ট নিয়ে মাঠে নামছে আইভরি কোস্টও।

কুরাসাওয়ের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিল জার্মানি। আক্রমণভাগের ধারালো ফুটবল এবং দ্রুতগতির আক্রমণে প্রতিপক্ষকে একপ্রকার উড়িয়ে দেয় ইউরোপিয়ান জায়ান্টরা। সেই জয়ের ফলে বহুদিন পর বিশ্বকাপে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ‘ডাই মানশাফট’।

আজকের ম্যাচে জয় পেলে জার্মানি সরাসরি নকআউটের পথে অনেকটা এগিয়ে যাবে। পাশাপাশি পরে অনুষ্ঠিত ইকুয়েডর-কুরাসাও ম্যাচে ইকুয়েডর পয়েন্ট হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হয়ে উঠবে জার্মানদের।

তবে জার্মানির জন্য সবকিছু এত সহজও নয়। আক্রমণভাগ দুর্দান্ত ছন্দে থাকলেও রক্ষণে এখনও ভোগাচ্ছে দুর্বলতা। বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল হজম করেছে দলটি। ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ক্লিন শিট রাখার পর থেকে আর কোনো বিশ্বকাপ ম্যাচে নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি তারা।

অন্যদিকে আইভরি কোস্টও দুর্দান্ত ফর্মে রয়েছে। টানা চার ম্যাচ জয়ের ধারায় থাকা আফ্রিকান দলটি সম্প্রতি শক্তিশালী ফ্রান্সকেও হারিয়েছে। ফলে আত্মবিশ্বাসে ভরপুর অবস্থায় মাঠে নামবে ‘দ্য এলিফ্যান্টস’।

জার্মান কোচ নাগেলসম্যান প্রথম ম্যাচের জয়ী একাদশে খুব বেশি পরিবর্তন আনার সম্ভাবনা নেই। তবে বদলি হিসেবে নেমে অসাধারণ পারফরম্যান্স দেখানো ডেনিজ উন্দাভকে নিয়ে আলোচনা তুঙ্গে। শেষ ম্যাচে মাত্র ২৬ মিনিট খেলে এক গোল ও দুই অ্যাসিস্ট করে নজর কাড়েন এই ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে মাত্র ১০ ম্যাচে ৭ গোল ও ৪ অ্যাসিস্ট করে ইতোমধ্যে নিজেকে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে প্রমাণ করেছেন তিনি।

অন্যদিকে আইভরি কোস্ট কোচ এমার্স ফায়ের সামনে রয়েছে একাদশ নির্বাচনের চ্যালেঞ্জ। ইলি ওয়াহির ফিটনেস এবং সাম্প্রতিক বিতর্ক নিয়ে অনিশ্চয়তা থাকলেও ম্যাচের আগে তাকে পাওয়া যেতে পারে। এছাড়া অঁজে-ইয়োয়ান বোনি, উমার দিয়াকিতে ও ইভান গেসান্দের মতো বিকল্পও রয়েছে তাদের আক্রমণভাগে।

সব মিলিয়ে গ্রুপ ‘ই’-এর ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় পেলে জার্মানি শুধু নকআউটের দরজাই খুলবে না, বরং দীর্ঘদিনের বিশ্বকাপের দুঃস্বপ্নও অনেকটা পেছনে ফেলে দিতে পারবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত