ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

চালু হলো ই-ভিসা ও স্মার্ট মোবাইল অ্যাপ

২০২৬ জানুয়ারি ১৮ ১০:০১:১৩

চালু হলো ই-ভিসা ও স্মার্ট মোবাইল অ্যাপ

মালদ্বীপে বসবাসরত ও কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জীবনযাত্রা আরও সহজ, নিরাপদ ও ডিজিটাল করতে চালু হলো আধুনিক ই-ভিসা সেবা ও ইমিগ্রেশন মোবাইল অ্যাপ। এই উদ্যোগের মাধ্যমে ভিসা সংক্রান্ত জটিলতা কমবে, বাড়বে স্বচ্ছতা ও দ্রুত সেবা পাওয়ার সুযোগ।

সম্প্রতি মালদ্বীপের ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল সিপি (অব.) আহমেদ ফাসীহের সঙ্গে বৈঠক করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। বৈঠকে প্রবাসীদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, নতুন চালু হওয়া ই-ভিসা সিস্টেমের মাধ্যমে প্রবাসীরা এখন অনলাইনে নিজেদের ভিসার অবস্থা যাচাই করতে পারবেন। একই সঙ্গে মোবাইল অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। ভবিষ্যতে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ভিসা ইস্যুর লক্ষ্যে কাজ চলছে বলেও জানানো হয়।

বর্তমানে যেসব প্রবাসী বৈধ ভিসায় অবস্থান করছেন, তারা নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ই-ভিসায় রূপান্তরের সুযোগ পাবেন। আর নতুন আবেদনকারীদের ক্ষেত্রে শুরু থেকেই ই-ভিসা প্রক্রিয়া কার্যকর থাকবে।

বৈঠকে হাইকমিশনার বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে তথাকথিত ‘ফ্রি ভিসা’ প্রতারণা, কাজ না পেয়ে বিপদে পড়া শ্রমিকদের দুর্দশা, ন্যায্য বেতন না পাওয়া এবং চিকিৎসা সেবার ঘাটতির বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচনায় আসে। তিনি এসব অনিয়ম রোধে কঠোর নজরদারি ও প্রতারক নিয়োগদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল আশ্বস্ত করেন, যাচাই শেষে প্রতারণায় জড়িত কোম্পানি ও ব্যক্তিদের কালো তালিকাভুক্ত করা হবে। ভুক্তভোগী শ্রমিকদের মালদ্বীপের লেবার রিলেশন অথরিটিতে অভিযোগ করার পরামর্শও দেওয়া হয়।

এ ছাড়া নতুন পাসপোর্টে তথ্য পরিবর্তন হলে বাংলাদেশ হাইকমিশনের ভেরিফিকেশন লেটার প্রয়োজন হবে এবং কোনো প্রবাসীকে গ্রেপ্তার বা বহিষ্কারের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে লিখিত ব্যাখ্যা ও সরকারি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানানো হয়।

এই ডিজিটাল উদ্যোগের ফলে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ভিসা সংক্রান্ত হয়রানি কমবে, বাড়বে সেবার গতি ও নিরাপত্তা—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত