ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

শুটিং সেটে আগুনে দগ্ধ অভিনেতা আরিফিন শুভ

২০২৫ ডিসেম্বর ০৪ ১৫:৫৪:২৯

শুটিং সেটে আগুনে দগ্ধ অভিনেতা আরিফিন শুভ

ঢাকার বাইরে নিরিবিলি লোকেশনে গোপনে চলছিল অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’–এর শুটিং। পুরো ইউনিটই শুটিংয়ের তথ্য গোপন রাখতে চাইলেও কিছু দৃশ্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। এর মধ্যেই সামনে এল আরও চমকপ্রদ খবর—শুটিং সেটে অগ্নিদগ্ধ হয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ।

অ্যাকশন দৃশ্য ধারণের সময় শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন ব্যবহারের পরিকল্পনা ছিল। তবে ক্যামেরা চালু হতেই পরিস্থিতি হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন দ্রুত শুভর পায়ে ধরে ওঠে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই শিখা আরও তীব্র হয়ে ওঠে।

ইউনিট সূত্রে জানা যায়, আগুন লাগার পর শুভ প্রথমে নিজেই তা নেভানোর চেষ্টা করলেও শিখা থামছিল না। তীব্র তাপে তিনি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। এরপর ইউনিটের সদস্যরা দ্রুত এগিয়ে এসে আগুন নেভান। আগুন নিভে গেলেও শুভর পায়ে গুরুতর দগ্ধচিহ্ন পড়ে।

এ ঘটনার পর পরিচালক সাইফ চন্দন সেদিনের শুট বন্ধের সিদ্ধান্ত নিলেও শুভ তা মানতে চাননি। প্রাথমিক চিকিৎসা শেষ করেই তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়ান এবং দিনের পুরো শুট সম্পন্ন করেন। ইউনিটের একাধিক সূত্র বলছে, পায়ে ব্যথা ও ক্ষত থাকা সত্ত্বেও নায়ক এখনও নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন।

দুর্ঘটনা নিয়ে পরিচালক মন্তব্য করতে না চাইলেও জানা গেছে, ঈদুল ফিতরে মুক্তির প্রস্তুতি চলছে ‘মালিক’ সিনেমাটির। এতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। চিত্রনাট্য করেছেন সিদ্দিক আহমেদ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত