ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

‘আমার সঙ্গে সাকিবের অনুশীলনের নিউজটি ভুয়া’

২০২৩ অক্টোবর ২৫ ২১:৩৬:০৮

‘আমার সঙ্গে সাকিবের অনুশীলনের নিউজটি ভুয়া’

চলমান ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ভারতে গিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু মাঠের লড়াইয়ে খুবই নাজেহাল অবস্থার মুখে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও পরের চারটি ম্যাচেই শোচনীয় পরাজয় হয়েছে সাকিবদের।

গতকাল (মঙ্গলবার) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচে বাংলাদেশকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে প্রোটিয়ারা। আগে ব্যাট করে ৩৮২ রান করার পর তারা ম্যাচ জিতেছে ১৪৯ রানে।

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষ হতে না হতেই আজ সকালে হঠাৎ করেই ঢাকায় ফিরে এসেছেন সাকিব আল হাসান। ইতোমধ্যে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সংবাদটি। কিন্তু হুট করে কেনই-বা দেশ এলেন এই অলরাউন্ডার। সমর্থকদের মনে উঠেছে নানান প্রশ্ন। চলছে আলোচনা-সমালোচনা।

ধারণা করা হচ্ছে, অধিনায়ক সাকিবের দেশে ফেরা কোনো ব্যক্তিগত কাজে নয়। অনুশীলন করতেই এসেছেন তিনি। বিশ্বকাপে ৪ ম্যাচে ব্যাট করে খুব একটা সুখকর অবস্থায় নেই টাইগার অধিনায়ক। দলের বাজে অবস্থার সাথে বাজে অবস্থায় তার ব্যাটিংও। যে কারণে ব্যাটিং নিয়ে কাজ করতে ঢাকা এসেছেন সাকিব।

এদিকে দেশের কিছু গণমাধ্যম বলছে কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। কেউ আবার বলছেন কোচ ও বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদিন ফাহিমের অধীনে অনুশীলন করেছেন সাকিব। তবে জানা গেছে, ঢাকায় ফিরে দুপুরে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে বিকেএসপির ছোট বেলার কোচ ফাহিমের অধীনেই নিবিড় অনুশীলন করেছেন সাকিব।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগের দিনই দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ দল। এতে টানা চার পরাজয়ের স্বাদ পায় সাকিব আল হাসানের দল। ম্যাচটিতে একেবারেই নিষ্প্রভ ছিলেন টাইগার কাপ্তান। ব্যাটে-বলে পুরোপুরি ব্যর্থ।

বল হাতে ৯ ওভারে ৬৯ রানে এক উইকেট আর ব্যাট হাতে মাত্র ১ রান করেছিলেন সাকিব। এতে চরম সমালোচনারও শিকার হন বাংলাদেশ অধিনায়ক। সেই কারণে হঠাৎ করে দেশে ফিরেন মিস্টার সেভেন্টি ফাইভ। দেশে ফিরেই বুধবার (২৫ অক্টোবর) দুপুরে মিরপুর শের-ই বাংলার ইনডোর স্টেডিয়ামে কোচ নাজমুল আবেদীন ফাহিমের অধীনে নিবিড় অনুশীলন করলেন তিনি।

যদিও সাকিব দেশে ফেরার পর গণমাধ্যমে সংবাদ প্রচার হয়, সাকিব তার প্রিয় কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে অনুশীলনও করেছেন। তবে কোচ সালাউদ্দিন জানান নিউজটি ভুয়া।

তিনি বলেন, ‌‘আমার সঙ্গে সাকিবের অনুশীলনের নিউজটি ভুয়া। সাকিবের সঙ্গে আমার কোনো কথা হয়নি বা ও যে ঢাকায় আমি জানি না। ফাহিম স্যারের সঙ্গে কাজ করছে মনে হয়।’

জানা গেছে, কোচ নাজমুল আবেদীন ফাহিমের অধীনে আরও দুই দিন অনুশীলন করবেন সাকিব। তারপরই দলের সঙ্গে যোগ দিবেন তিনি। ২৭ অক্টোবরই তার দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে। ২৮ অক্টোবর বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে। এরপর একই ভেন্যুতে ৩১ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ