ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
আয়ারল্যান্ড সিরিজের দলে দুই নতুন মুখ নেওয়ার কারন জানালেন নান্নু
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আয়ারল্যান্ড ক্রিকেট দল এখন বাংলাদেশে। ইতিমধ্যে শেষ হয়ে গেছে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে। আগামীকাল ২৩ মার্চ শুরু হচ্ছে সিরিজের তৃতীয় ও শেষ ওডিআই ম্যাচ। ওয়ানডে সিরিজ শেষ হতে না হতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে।
ওয়ানডে সিরিজ সিলেটে অনুষ্ঠিত হলেও বাংলাদেশে আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এই সিরিজের লক্ষ্যে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে নিয়ে এসেছে নতুন দুই মুখ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-২০ সিরিজের ঘোষিত দলে নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন ও জাকের আলী অনিক।
মুলত বাংলাদেশ দলে লেগ স্পিনারের হাহাকার অনেক পুরোনো। জুবায়ের হোসেনের পর সে অর্থে কোনো লেগ স্পিনার পায়নি বাংলাদেশ। আমিনুল ইসলামকে দিয়ে চেষ্টা করা হলেও সাফল্য মেলেনি। এই তালিকায় নতুন সংযোজন রিশাদ হোসেন। টিম ম্যানেজমেন্টের চাওয়ায় তাকে নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে।
রিশাদ ছাড়াও প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন জাকের আলি অনিক। এক ভিডিওবার্তায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনায় সুযোগ পেয়েছেন ২৫ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান।
২০২১ সালের জুনের পর বিশ ওভারের ক্রিকেটে কোনো স্বীকৃত ম্যাচ খেলেননি রিশাদ। সব মিলিয়ে তার ১৪ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারও তেমন আহামরি নয়। ওভারপ্রতি ৯ রান খরচায় নিয়েছেন ৬টি উইকেট। চলতি ঢাকা প্রিমিয়ার লিগেও আবাহনীর হয়ে প্রথম তিন ম্যাচে একাদশে সুযোগ পাননি।
তবে গত বছরের ভারত সিরিজ থেকে নিয়মিতই জাতীয় দলের সঙ্গে নেট বোলার হিসেবে দেখা গেছে রিশাদকে। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে ২ উইকেট পেয়েছেন ২০ বছর বয়সী স্পিনার।
রিশাদকে নেওয়ার ব্যাখ্যায় টিম ম্যানেজমেন্টের চাওয়ার কথা জানিয়েছেন মিনহাজুল আবেদিন।
“লেগ স্পিনার রিশাদ হোসেনকে আমরা একটু দেখতে চাচ্ছি। যেহেতু আয়ারল্যান্ডের সঙ্গে খেলা, এই সিরিজটায় আমরা ওকে দেখব। আমাদের টিম ম্যানেজমেন্টও একটা লেগ স্পিনার চাচ্ছিল। এজন্যই আমরা রিশাদ হোসেনকে নিয়েছি।”
“রিশাদ আমাদের এইচপির সঙ্গে অনেক দিন কাজ করছে। যারা নতুন এসেছে তাদের জন্য অনেক বড় প্ল্যাটফর্ম এটা। আশা করছি, ওরা নিজেদেরকে সেভাবেই মেলে ধরতে পারবে। এই সিরিজটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।”
প্রায় এক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্মার জাকের। সবশেষ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১১ ইনিংসে ১২০.৬৮ স্ট্রাইক রেটে ১৭৫ রান করেছেন ২৫ বছর বয়সী কিপার-ব্যাটার। একটি ফিফটি এসেছে তার ব্যাট থেকে।
এছাড়া প্রথম শ্রেণির বাংলাদেশ ক্রিকেট লিগে ৬ ইনিংসে তিন সেঞ্চুরি ও এক ফিফটিতে ৯৮.৪০ গড়ে আসরের সর্বোচ্চ ৪৯২ রান করেন তিনি। জাকেরকে নেওয়ার ব্যাখ্যায় এই পারফরম্যান্সের কথাই তুলে ধরেন প্রধান নির্বাচক।
“জাকের আলি অনিক ঘরোয়া ক্রিকেট ও 'এ' দলের হয়ে যথেষ্ট ভালো পারফর্ম করেছে। এজন্য আমরা ওকে দলে নিয়েছি।”
গত বছর নভেম্বরে চোটে পড়া শরিফুল বিপিএলে খেলতে পারেন স্রেফ তিন ম্যাচ। পরে তিনি সুযোগ পাননি ইংল্যান্ডের বিপক্ষে দলে। তবে আইরিশদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি খেলেন তরুণ বাঁহাতি পেসার।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও আছেন শরিফুল। এবার তাকে নেওয়া হলো টি-টোয়েন্টিতে।
“শরিফুল ইসলাম অনেক দিন ইনজুরিতে ছিল। সেরে ওঠার পর ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করে একটা সিস্টেমের মধ্যে এসেছে। ওকে আমরা দলে ফিরিয়েছি।”
দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন, রেজাউর রহমান রাজা, নুরুল হাসান সোহান ও তানভির ইসলাম। তবে তারাও পরিকল্পনার মধ্যেই আছেন বলে জানালেন প্রধান নির্বাচক।
“আমরা ইংল্যান্ডের সঙ্গে খুব সফল একটা সিরিজ শেষ করেছি। এটি আমাদের ক্রিকেটের অনেক বড় মাইলফলক। এখন আয়ারল্যান্ডের সঙ্গে টানা আরেকটি সিরিজ খেলছি। এখানে কিছু ক্রিকেটারকে দেখার একটা সুযোগ এসেছে। যে কারণে আমরা কিছু ক্রিকেটার পরিবর্তন করেছি।”
“যারা এই সিরিজে নেই, ওদের জন্যও সুযোগ অবশ্যই থাকবে। চোখের আড়াল হবে না। যারা সুযোগ পাচ্ছে, তাদের জন্য একটা বড় সুযোগ। আশা করছি, সবাই নিজেকে মেলে ধরতে পারবে এবং টি-টোয়েন্টিতে এক বছরের জন্য আমরা যে প্রস্তুতি শুরু করেছি, সেজন্য বেশি সংখ্যক ক্রিকেটার আমরা পাব।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা