ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

১২১ রানে অলআউট পাকিস্তান

২০২২ সেপ্টেম্বর ০৯ ২১:৫৪:৫৪

১২১ রানে অলআউট পাকিস্তান

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার পুরোটাও খেলতে পারেনি। ইনিংসের পাঁচ বল আগেই ১২১ রানের অলআউট হয়ে গেছে বাবর আজমের দল। সুপার ফোরে টানা তৃতীয় জয়ের জন্য শ্রীলঙ্কাকে করতে হবে ১২২ রান।

শ্রীলঙ্কার আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে পাকিস্তান। যে কারণে কখনোই রানরেট খুব একটা বাড়েনি তাদের। তবু প্রথম পাওয়ার প্লে'তে ১ উইকেট হারিয়ে ৪৯ রান করে ফেলেছিল তারা।

কিন্তু সেখান থেকে আর সামনে এগোনো হয়নি, বরং পিছিয়েছেই পাকিস্তানের ইনিংস। দারুণ ফর্মে থাকা ওপেনার মোহাম্মদ রিজওয়ান আউট হয়েছেন ১৪ বলে ১৪ রান করে। রানখরায় থাকা অধিনায়ক বাবর আজম ৩০ রান করতে খেলেছেন ২৯ বল।

তিন নম্বরে নামা ফাখর জামান ও চারে নামা ইফতিখার আহমেদ- দুজনই করেছেন সমান ১৩ রান। ফাখর খেলেছেন ১৮ বল, ইফতিখার ১৭ বল। খুশদিল শাহর ব্যাট থেকে আসে ৮ বলে ৪ রান। খালি হাতেই ফিরে যান আসিফ আলি ও হাসান আলি।

বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ এক চার ও দুই ছয়ের মারে ১৮ বলে ২৬ রানের ক্যামিও খেললে কোনোমতে একশ পার হয় পাকিস্তানের দলীয় সংগ্রহ।

শ্রীলঙ্কার পক্ষে চার ওভারে ২১ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। অভিষিক্ত প্রমোদ মাদুশান ও অফস্পিনার মহেশ থিকশানার শিকার ২ উইকেট। এছাড়া চামিকা করুনারাত্নে ও ধনঞ্জয় ডি সিলভা নিয়েছেন একটি করে উইকেট।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ