ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ব্রাজিল-জাপান ম্যাচ শুরুর আগেই ফলাফল ভবিষ্যদ্বাণী করলো অপটা

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৬ জুন ২৯ ০৭:৪৬:৩৭

ব্রাজিল-জাপান ম্যাচ শুরুর আগেই ফলাফল ভবিষ্যদ্বাণী করলো অপটা

২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে ফুটবলপ্রেমীদের অপেক্ষার অন্যতম আকর্ষণীয় ম্যাচ ব্রাজিল বনাম জাপান। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত হতে যাওয়া এই রাউন্ড অব ৩২-এর লড়াইয়ে জয়ী দল নিশ্চিত করবে শেষ ষোলোর টিকিট। এরপর তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্ট।

ম্যাচের আগে ফুটবল পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটা (Opta) তাদের সুপার কম্পিউটারের পূর্বাভাস প্রকাশ করেছে। প্রায় ২৫ হাজার সম্ভাব্য সিমুলেশন বিশ্লেষণ করে দেখা গেছে, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। পরিসংখ্যান অনুযায়ী, সেলেসাওদের জয়ের সম্ভাবনা ৫৭.৭ শতাংশ, জাপানের জয়ের সম্ভাবনা ১৮ শতাংশ এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২৪.৩ শতাংশ।

গ্রুপ পর্বে দারুণ ছন্দে ছিল কার্লো আনচেলত্তির ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর হাইতি ও স্কটল্যান্ডকে টানা ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করে তারা। প্রথম ম্যাচে গোল হজমের পর থেকে টানা সাত গোল করেছে ব্রাজিল, কিন্তু নিজেদের জালে আর কোনো বল জড়াতে দেয়নি। ২০০২ সালের বিশ্বকাপের পর এবারই প্রথম এমন ধারাবাহিক পারফরম্যান্স দেখাল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

চোট কাটিয়ে দীর্ঘ প্রায় ৯৮১ দিন পর জাতীয় দলে ফিরেছেন নেইমার। এই বিশ্বকাপে মাঠে নামার মাধ্যমে ব্রাজিলের হয়ে চারটি বিশ্বকাপে অংশ নেওয়া বিরল কীর্তিও গড়েছেন তিনি। তবে সাম্প্রতিক নকআউট ইতিহাস খুব একটা সুখকর নয় ব্রাজিলের জন্য। শেষ ছয়টি নকআউট ম্যাচের মধ্যে চারবারই বিদায় নিতে হয়েছে তাদের। যদিও ১৯৯০ সালের পর থেকে বিশ্বকাপের প্রথম নকআউট ম্যাচে কখনও হারেনি সেলেসাওরা।

অন্যদিকে ইতিহাস বদলানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে জাপান। বিশ্বকাপের নকআউট পর্বে এখনো কোনো ম্যাচ জয়ের স্বাদ পায়নি এশিয়ার দলটি। তবে এবার আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামছে তারা। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও সুইডেনের সঙ্গে ড্র এবং তিউনিসিয়াকে ৪-০ গোলে হারিয়ে রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে জাপান।

যদিও অধিনায়ক ওয়াতারু এন্দো এবং তারকা উইঙ্গার কাওরু মিতোমা ইনজুরির কারণে দলে নেই, তবুও জাপান টানা ১০ ম্যাচ অপরাজিত রয়েছে। এই সময়ের মধ্যে একটি প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারিয়ে চমকও দেখিয়েছিল তারা, যা দলটির আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।

স্ট্রাইকার আয়াসে উয়েদা ইতোমধ্যে তিন গোল করে এক বিশ্বকাপে জাপানের হয়ে সর্বোচ্চ গোল অবদানের যৌথ রেকর্ড গড়েছেন। এছাড়া এবারের বিশ্বকাপে জাপানের ১০ জন ভিন্ন খেলোয়াড় গোল বা অ্যাসিস্ট করেছেন, যা দেশটির নতুন রেকর্ড।

ব্রাজিলের আক্রমণভাগও রয়েছে দুর্দান্ত ছন্দে। মাতেউস কুনিয়া চারটি অন-টার্গেট শট থেকে তিনটি গোল করেছেন। ভিনিসিয়ুস জুনিয়র গ্রুপ পর্বেই চার গোল করে রোনালদো, নেইমার ও জাইরজিনহোর কীর্তির পাশে নিজের নাম লিখিয়েছেন। তরুণ রায়ানও স্কটল্যান্ডের বিপক্ষে অ্যাসিস্ট করে ১৯৬৬ সালের পর বিশ্বকাপে ব্রাজিলের সর্বকনিষ্ঠ অ্যাসিস্টদাতার রেকর্ড গড়েছেন।

দুই দলের মুখোমুখি ইতিহাসেও স্পষ্টভাবে এগিয়ে ব্রাজিল। এখন পর্যন্ত ১৪ ম্যাচের মধ্যে ১১টিতে জয় পেয়েছে সেলেসাওরা। দুটি ম্যাচ ড্র হয়েছে এবং জাপানের জয় মাত্র একবার। তবে সেই একমাত্র জয় এসেছে দুই দলের সর্বশেষ সাক্ষাতে, যেখানে টোকিওতে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও ৩-২ গোলের অবিশ্বাস্য জয় তুলে নিয়েছিল জাপান। বিশ্বকাপে দুই দলের একমাত্র দেখায় ২০০৬ সালে ৪-১ ব্যবধানে জয় পেয়েছিল ব্রাজিল।

এবারের নকআউট লড়াইয়ে তাই পরিসংখ্যান ব্রাজিলের পক্ষেই কথা বলছে। তবে বিশ্বকাপের মঞ্চে অতীতের হিসাব নয়, বরং মাঠের ৯০ মিনিটের পারফরম্যান্সই ঠিক করে দেয় শেষ হাসি কে হাসবে। সেই কারণেই হিউস্টনের এই মহারণ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ