ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশী ক্রিকেটারদের সম্মান দিয়ে যা বললেন রোহিত শর্মা

২০২২ ডিসেম্বর ০৩ ১৬:৩৫:৪৭

বাংলাদেশী ক্রিকেটারদের সম্মান দিয়ে যা বললেন রোহিত শর্মা

ভারতের অধিনায়ক রোহিত শর্মা মনে করেন, বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে সুযোগ পাওয়া উচিত। ‘আমি আশা করি, আমি সত্যিই আশা করি, তারা সুযোগ পাবে। কারণ তারা মানসম্পন্ন দল, মানসম্পন্ন খেলোয়াড়। আমি সত্যিই অনুভব করি, তারা আইপিএল দলে পার্থক্য গড়ে দিতে পারে’, আজ মিরপুরে সংবাদ সম্মেলনে ঠিক এভাবেই বলেছেন ভারত অধিনায়ক।

তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত এখন ঢাকায় অবস্থান করছে। রোববার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। সেই সিরিজের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রোহিত। সেখানে উঠে আসে আইপিএল প্রসঙ্গ।

আইপিএল বললে বাংলাদেশের সাকিব আল হাসানের কথাই আসে সবার আগে। গত আসরে দল পাননি, এর আগে নিষিদ্ধ থাকায় খেলতে পারেননি। এ ছাড়া আইপিএলে সাকিব ছিলেন নিয়মিত মুখ। দুবার চ্যাম্পিয়নের স্বাদও পেয়েছেন। তার পরে আসবে মুস্তাফিজুর রহমান। প্রথম আসরেই বোলিংয়ে মুগ্ধ করেছিলেন, হয়েছেন চ্যাম্পিয়ন। এরপর পারফরম্যান্সের চড়াই-উতরাই থাকলেও তার প্রতি আইপিএলের দলগুলোর আগ্রহ কমেনি।

এ দুজন ছাড়া কোনো বাংলাদেশি আইপিএলে নিজেদের জায়গা তৈরি করতে পারেননি। মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, আবদুর রাজ্জাক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। গতবার তাসকিন আহমেদ ডাক পেয়েছিলেন, তবে দেশের খেলার কথা বিবেচনায় তিনি যাননি।

আগামী আসরের জন্য নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশ থেকে সাকিব, তাসকিন, লিটন দাস, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ও নাসুম আহমেদ। দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণ নিশ্চিত করেছে।

রোহিত বলেন, ‘আইপিএলের দলগুলো খুব সম্ভবত এখনো পরিকল্পনা সাজানো শুরু করেনি। এটি আমার ধারণা। নিলামের কাছাকাছি সময়ে তারা ভাবনা শুরু করবে, বিভিন্ন পরিকল্পনা করবে তাদের চাওয়ার ব্যাপারে। তবে আমি সত্যিই মনে করি, তাদের সুযোগ পাওয়া উচিত।’ মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা মুশফিকুর রহিমরা নিলামে নাম নিবন্ধন করলেও তাদের প্রতি কোনো দল আগ্রহ দেখায়নি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ