ঢাকা, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি ও এমবাপ্পের লড়াই

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৬ জুলাই ০৪ ১৫:৫১:৪৭

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি ও এমবাপ্পের লড়াই

২০২৬ ফিফা বিশ্বকাপ যত শেষের দিকে এগোচ্ছে, ততই জমে উঠছে গোল্ডেন বুটের প্রতিযোগিতা। নকআউট পর্বেও গোল করার ধারাবাহিকতা ধরে রেখে এই মুহূর্তে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে অবস্থান করছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোল করে টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা সাতে উন্নীত করেছেন মেসি। গুরুত্বপূর্ণ সময়ে তার এই গোল আর্জেন্টিনাকে লড়াইয়ে ফিরতে সাহায্য করে। পরে অতিরিক্ত সময়ে নাটকীয় ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জানাচ্ছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। সুইডেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে জোড়া গোল করে নিজের গোলসংখ্যা ছয়ে নিয়ে গেছেন ফরাসি সুপারস্টার। আগের ম্যাচে সতীর্থদের দিয়ে গোল করানোর পর এবার নিজেই গোল করে আবারও আলোচনায় উঠে এসেছেন তিনি। টানা দ্বিতীয় বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের স্বপ্ন এখনো জিইয়ে রেখেছেন এমবাপ্পে।

এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই নরওয়ের আর্লিং হলান্ড এবং ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনও। দুজনই টুর্নামেন্টে এখন পর্যন্ত পাঁচটি করে গোল করেছেন। নকআউট পর্বে তাদের দলের যাত্রা যত দীর্ঘ হবে, গোলসংখ্যা বাড়ানোর সুযোগও তত বেশি থাকবে।

গোল্ডেন বুটের বর্তমান অবস্থান:

১. লিওনেল মেসি (আর্জেন্টিনা) — ৭ গোল

২. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) — ৬ গোল

৩. আর্লিং হলান্ড (নরওয়ে) — ৫ গোল

৪. হ্যারি কেইন (ইংল্যান্ড) — ৫ গোল

শুধু চলতি বিশ্বকাপ নয়, বিশ্বকাপের সর্বকালের গোলদাতাদের তালিকাতেও নিজের অবস্থান আরও শক্ত করেছেন মেসি। কেপ ভার্দের বিপক্ষে গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২০-এ। এই তালিকায় এমবাপ্পের চেয়ে দুই গোল এগিয়ে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

বিশ্বকাপের বাকি নকআউট ম্যাচগুলোতে এই চার তারকার পারফরম্যান্সের দিকেই থাকবে ফুটবলপ্রেমীদের বাড়তি নজর। কারণ দলকে শিরোপার পথে এগিয়ে নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জয়ের লড়াইও এখন তুঙ্গে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ